চিকিৎসককে মারধর করায় স্বেচ্ছাসেবক দলের নেতা বহিষ্কার
Published: 1st, August 2025 GMT
দিনাজপুরের হাকিমপুর (হিলি) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার মশিউর রহমানকে মারধর করার অভিযোগে হাকিমপুর পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুনকে বহিষ্কার করা হয়েছে।
শুক্রবার (১ আগস্ট) সকালে বিষয়টি জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের দিনাজপুর জেলা কমিটির সদস্য সচিব সাইফুল আযম সোহেল।
তিনি জানান, শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের দিনাজপুর জেলার হাকিমপুর পৌর কমিটির আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুনের দলীয় সব পদ স্থগিত করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (৩১ জুলাই) সন্ধ্যায় দেশের শীর্ষস্থানীয় নিউজ পোর্টাল রাইজিংবিডি ডটকমে ‘চিকিৎসককে মারধর করলেন স্বেচ্ছাসেবক দলের নেতা’ শিরোনামে সংবাদ প্রকাশ হয়। এর পর আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে ব্যবস্থা নিল দিনাজপুর জেলা স্বেচ্ছাসেবক দল।
ঢাকা/মোসলেম/রফিক
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
মহাপরিচালকের সঙ্গে তর্ক, চিকিৎসককে বহিষ্কারের নির্দেশ
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্বাস্থ্যসেবার মান ও ব্যবস্থাপনা পর্যালোচনার সময় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের সঙ্গে এক চিকিৎসকের বাগবিতণ্ডার ঘটনা ঘটেছে। এ সময় ক্যাজুয়ালটির ইনচার্জ ডা. ধনদেব বর্মনকে বহিষ্কারের নির্দেশ দেয়া হয়। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার সৃষ্টি হয়।
শনিবার (৬ ডিসেম্বর) সকালে শিশুদের মূত্রাশয় ও প্রজননতন্ত্র সম্পর্কিত রোগের চিকিৎসা বিষয়ক চলমান চিকিৎসার অগ্রগতি ও চ্যালেঞ্জ নিয়ে একটি সেমিনারে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রধান অতিথি হিসেবে আসেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর।
সেমিনারে অংশগ্রহণের পূর্বে আবু জাফর হাসপাতাল পরিদর্শনে গিয়ে সেবার মান, জরুরি বিভাগ পরিচালনা, রোগী ব্যবস্থাপনা ও স্টাফদের উপস্থিতি নিয়ে প্রশ্ন তোলেন। এ সময় ক্যাজুয়ালিটি ইনচার্জ ডা. ধনদেব বর্মন তার বিভাগের সীমাবদ্ধতা, জনবল সংকট এবং দায়িত্ব পালনের চাপে ক্ষোভ প্রকাশ করেন। এ নিয়ে ডিজি ও তার মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। পরে ধনদেব বর্মনকে বহিষ্কারের নির্দেশ দেন আবু জাফর।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারি পরিচালক (প্রশাসন) ডা.মোহাম্মদ মাঈন উদ্দিন খান বলেন, ‘‘পরিদর্শনে সেবার মান নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক স্যার এবং ডা. ধনদেব বর্মনের উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে। যা মোটেও কাম্য নয়। তবে এখন বিষয়টি নিয়ে আর বেশি কিছু বলা যাচ্ছে না।’’
ঢাকা/মিলন//