ফরিদপুরে বিস্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার
Published: 8th, November 2025 GMT
ফরিদপুরের নগরকান্দায় যুবলীগ নেতা ও ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক এক চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাত আটটার দিকে উপজেলার ছাগলদী বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তির নাম মিজানুর রহমান (৪৫)। তিনি নগরকান্দা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও কোদালিয়া শহিদনগর ইউপির সাবেক চেয়ারম্যান।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, মিজানুর রহমানের বিরুদ্ধে ভাঙ্গা থানায় বিস্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা আছে। নগরকান্দা পুলিশের সহায়তায় ওই মামলায় তাঁকে গ্রেপ্তার করেছে ভাঙ্গা থানার পুলিশ। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা ভাঙ্গা থানা নেবে।
২০২৪ সালের ১০ নভেম্বর রাতে বোমা হামলার অভিযোগে পরের দিন মামলা হয়। মামলায় ফরিদপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য মজিবুর রহমান ওরফে নিক্সন চৌধুরীকে প্রধান করে ৫৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় আরও ৪০ জনকে আসামি করা হয়। এতে বাদী হন ভাঙ্গা পৌরসভা বিএনপির তৎকালীন যুগ্ম সম্পাদক ও বর্তমানে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম।
এ বিষয়ে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফ হোসেন বলেন, আজ শনিবার মিজানুরকে ওই মামলায় আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে। প্রয়োজন মনে হলে তাঁকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: নগরক ন দ
এছাড়াও পড়ুন:
আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর–৪ আসনে অন্তর্ভুক্ত করে গেজেট প্রকাশের নির্দেশ
ফরিদপুর-৪ আসনের অধীন ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে কেটে ফরিদপুর-২ আসনের নগরকান্দা উপজেলার সঙ্গে জুড়ে দেওয়াসংক্রান্ত নির্বাচন কমিশনের (ইসি) গেজেটের অংশটুকু অবৈধ ঘোষণা করে রায় দিয়েছেন হাইকোর্ট।
পাশাপাশি হামিরদী ও আলগী ইউনিয়ন পরিষদকে ফরিদপুর–৪ সংসদীয় আসনে অন্তর্ভুক্ত করে ২৪ ঘণ্টার মধ্যে গেজেট নোটিফিকেশন জারি করতে নির্বাচন কমিশনকে নির্দেশ দেওয়া হয়েছে।
এক রিটের চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি হামিদুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ বৃহস্পতিবার এ রায় দেন।
রায়ের পর রিট আবেদনকারীদের আইনজীবী মোহাম্মদ হুমায়ন কবির প্রথম আলোকে বলেন, ফরিদপুরের-৪ আসনের অধীন ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে কেটে ফরিদপুর-২ আসনের নগরকান্দা উপজেলার সঙ্গে জুড়ে দেওয়া হয়েছিল। নির্বাচন কমিশনের (ইসি) গেজেটের এই অংশটুকু অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। একই সঙ্গে এই দুই ইউনিয়ন পরিষদকে আগের মতো ফরিদপুর–৪ সংসদীয় আসনে অন্তর্ভুক্ত করে ২৪ ঘণ্টার মধ্যে গেজেট প্রকাশ করতে নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-২ আসনে জুড়ে দেওয়ার গেজেট গত ৪ সেপ্টেম্বর প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)। এর প্রতিবাদে গত ৫ সেপ্টেম্বর প্রথমে দুই মহাসড়ক অবরোধ করা হয়। সেদিনের কর্মসূচি থেকে তিন দিনের সময়সীমা বেঁধে যাওয়া হয়। কিন্তু দাবি বাস্তবায়ন না হওয়ায় ৯ সেপ্টেম্বর সকাল থেকে আবার অবরোধ শুরু হয়। এরপর তিন দিন সকাল-সন্ধ্যা অবরোধ কর্মসূচি পালন করা হয়।
এদিকে ইসির ৪ সেপ্টেম্বরের প্রজ্ঞাপনকে চ্যালেঞ্জ করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর ৪ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী মো. শহিদুল ইসলাম বাবুল ও সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহবুবুর রহমান দুলালসহ পাঁচজন গত ৯ সেপ্টেম্বর হাইকোর্টে ওই রিট করেন। রিটের প্রাথমিক শুনানি নিয়ে গত ১৬ সেপ্টেম্বর হাইকোর্ট রুল দেন। রুলের ওপর শুনানি শেষে আজ রায় দেওয়া হয়।
আদালতে রিট আবেদনকারীদের পক্ষে আইনজীবী মোহাম্মদ হুমায়ন কবির পল্লব শুনানি করেন। সঙ্গে ছিলেন আইনজীবী মো. কাউছার, নাঈম সরদার ও আশরাফুল করিম। ইসির পক্ষে শুনানি করেন আইনজীবী হাবিবুর রহমান।