ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া
Published: 7th, November 2025 GMT
উত্তর কোরিয়া তাদের পূর্ব উপকূল থেকে সমুদ্রের দিকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়া এবং জাপান। শুক্রবার এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।
দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, সন্দেহভাজন স্বল্প-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি চীন সীমান্তের কাছে উত্তর কোরিয়ার উত্তর-পশ্চিম অঞ্চলের একটি এলাকা থেকে উৎক্ষেপণ করা হয়েছে। এটি প্রায় ৭০০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করেছে। দক্ষিণ কোরিয়া ও মার্কিন নজরদারি ব্যবস্থা উৎক্ষেপণের প্রস্তুতি শনাক্ত করেছে এবং উড়ন্ত অবস্থায় প্রজেক্টাইলটি ট্র্যাক করেছে।
জাপান সরকার জানিয়ে, উত্তর কোরিয়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, যা সম্ভবত জাপানের একচেটিয়া অর্থনৈতিক অঞ্চলের বাইরে পড়েছে।
প্রধানমন্ত্রী সানে তাকাইচি জানিয়েছেন, ক্ষয়ক্ষতির কোনো নিশ্চিত প্রতিবেদন নেই।
গত সপ্তাহে দক্ষিণ কোরিয়া সফরকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সাথে বসার জন্য তার ইচ্ছার পুনরাবৃত্তি করেছিলেন। তবে উত্তর কোরিয়া কোনো সাড়া না দেওয়ায় কোনো বৈঠক হয়নি। তবে ট্রাম্প জানিয়েছেন, তিনি কিমের সাথে দেখা করার জন্য এই অঞ্চলে ফিরতে ইচ্ছুক।
২০১৯ সালে মার্কিন প্রেসিডেন্টের প্রথম মেয়াদে যখন তিনি এই অঞ্চল সফর করছিলেন, তখন আন্তঃকোরিয়া সামরিক সীমান্তের পানমুনজম যুদ্ধবিরতি গ্রামে ট্রাম্প কিমের সাথে দেখা করেছিলেন।
কিম জং উন সম্প্রতি জানিয়েছেন, ওয়াশিংটন যদি তার দেশকে পারমাণবিক অস্ত্র ত্যাগ করার জন্য জোর দেওয়া বন্ধ করে দেয় তবে আলোচনা এড়ানোর কোনো কারণ নেই।
ঢাকা/শাহেদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
বন্দর ইজারার কাজ বন্ধ না করলে অবরোধ-ধর্মঘটের হুঁশিয়ারি স্কপের
চট্টগ্রাম বন্দর বিদেশিদের ইজারা দেওয়ার কার্যক্রম স্থগিত না করলে অবরোধ ও ধর্মঘট করবে বলে হুঁশিয়ারি দিয়েছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ)।
আজ শুক্রবার বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ ও মশালমিছিল করে এই হুঁশিয়ারি দেয় সংগঠনটি। পরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিষয়টি জানায় স্কপ।
সমাবেশে স্কপ দাবি জানায়, অবিলম্বে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল বিদেশিদের কাছে ইজারা দেওয়ার কার্যক্রম স্থগিত এবং লালদিয়া ও পানগাঁও ইজারা চুক্তি বাতিল করতে হবে। একই সঙ্গে আইন করে জাতীয় ন্যূনতম মজুরি নির্ধারণ এবং শ্রমজীবীদের কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
আহসান হাবিব বুলবুলের সঞ্চালনায় সমাবেশে সভাপতিত্ব করেন স্কপের যুগ্ম সমন্বয়ক আবদুল কাদের হাওলাদার।
সমাবেশে সংগঠনটির নেতারা বলেন, চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল বিদেশিদের কাছে ইজারা প্রক্রিয়ার বৈধতা নিয়ে হাইকোর্টে একটি রিট বিচারাধীন ছিল। কিন্তু সেই রিটের বিচারকাজ চলার সময়েই সরকার শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের বিচারের রায়ের দিনে লালদিয়া ও পানগাঁও ইজারা চুক্তি করেছেন।
সরকার অবিলম্বে বন্দর ইজারা দেওয়ার প্রক্রিয়া বন্ধের ঘোষণা না করলে অবরোধ-ধর্মঘটের মতো কর্মসূচির ঘোষণা করবেন বলে হুঁশিয়ারি দেন সংগঠনটির নেতারা। সমাবেশ থেকে ১০ ডিসেম্বর বেলা ১১টায় চট্টগ্রামে বন্দর অভিমুখে লাল পতাকা মিছিল, সিলেট বিভাগীয় কনভেনশন এবং সারা দেশে বিক্ষোভ সমাবেশ ও মিছিলের কর্মসূচি ঘোষণা করা হয়।
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন স্কপ নেতা ও জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন, জাতীয় শ্রমিক জোটের সভাপতি মেজবাহ উদ্দিন আহমেদ, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সভাপতি রাজেকুজ্জামান রতন, বাংলাদেশ লেবার ফেডারেশনের সাধারণ সম্পাদক সাকিল আক্তার চৌধুরী, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের সভাপতি চৌধুরী আশিকুল আলম, জাতীয় শ্রমিক জোট বাংলাদেশের সভাপতি সাইফুজ্জামান বাদশা ও সাধারণ সম্পাদক নইমুল আহসান জুয়েল, বাংলাদেশের জাতীয় শ্রমিক জোটের সাধারণ সম্পাদক বাদল খান।