পটুয়াখালীতে যুবদল-ছাত্রদলের সঙ্গে গণ অধিকারের নেতা-কর্মীদের সংঘর্ষে আহত ২০
Published: 7th, November 2025 GMT
পটুয়াখালীর গলাচিপা উপজেলার চরকাজল ইউনিয়নে স্থানীয় যুবদল-ছাত্রদল ও গণ অধিকার পরিষদের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে দুই পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাতে চরকাজল ও চরবিশ্বাস ইউনিয়নের সীমান্ত চৌরাস্তা এলাকায় ঘটনাটি ঘটে।
আহত ব্যক্তিদের মধ্যে তিনজনকে বরিশালের শের-ই–বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যরা গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাত ৯টার দিকে চরবিশ্বাস ইউনিয়নের চৌরাস্তা বাজারে স্থানীয় যুবদল, ছাত্রদল ও গণ অধিকার পরিষদ-সম্পর্কিত সংগঠনগুলোর নেতা-কর্মীরা পৃথক কর্মসূচি পালন করেন। প্রথমে যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীরা তাঁদের নেতা হাসান মামুনের পক্ষে স্লোগান দেন। এ সময় চরকপালবেড়া এলাকায় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের পক্ষে স্লোগান দিয়ে তিনটি ওয়ার্ড কমিটি ঘোষণা করেন গণ অধিকার, যুব অধিকার ও শ্রমিক অধিকার পরিষদের নেতা-কর্মীরা। এ সময় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয় এবং এ পর্যায়ে সংঘর্ষ শুরু হয়। গণ অধিকার পরিষদের সভাপতি নূরের বাড়ি চরবিশ্বাস বাজারের পাশেই।
সংঘর্ষে আহত হয়েছেন যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক সোহেল খলিফা। তিনি বলেন, ‘গতকাল রাতে কপালবেড়া ওয়ার্ডের গণ অধিকার, যুব অধিকার ও শ্রমিক অধিকার পরিষদের কমিটি ঘোষণার পর আনন্দমিছিল শেষে আমরা বাড়ি ফিরছিলাম। চরকাজল-চরবিশ্বাস ইউনিয়ন সীমান্ত চৌরাস্তায় পৌঁছালে স্থানীয় যুবদল ও ছাত্রদলের ২০ থেকে ২৫ জন লাঠিসোঁটা নিয়ে আমাদের ওপর অতর্কিত হামলা চালান। এতে স্থানীয় ছাত্র অধিকারের সভাপতি আবু নাঈম, কর্মী সাহাবুল খলিফা, সদস্য আজমির খলিফা, নবীন খলিফাসহ ১০ থেকে ১২ জন গুরুতর আহত হন।’
সোহেল খলিফা আরও বলেন, ‘আমার সহকর্মী সাহাবুল খলিফাকে পেটাতে দেখে তাঁর স্ত্রী আমেনা বেগম এগিয়ে এলে তাঁকেও মারধর করা হয়। সাহাবুল, তাঁর স্ত্রী আমেনা বেগম ও ছেলে আজিমুরকে গুরুতর আহত অবস্থায় শের-ই–বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।’
অন্যদিকে হামলা আহত হয়েছেন যুবদলের চরপালবেড়া ওয়ার্ড সাংগঠনিক সম্পাদক ইলিয়াস রাঢ়ি (৩২)। তিনি বলেন, ‘গতকাল রাত ৯টার দিকে স্থানীয় বাজারে কেন্দ্রীয় বিএনপির নেতা ও পটুয়াখালী-৩ আসনের মনোনয়নপ্রত্যাশী হাসান মামুনের পক্ষে শুভেচ্ছামিছিল করি। পরে সবাই বাড়ি ফেরার পথে গণ অধিকারের নেতা-কর্মীরা উদ্দেশ্যমূলকভাবে আমাদের ওপর হামলা চালান।’
ইলিয়াস রাঢ়ি আরও বলেন, গণ অধিকারের হামলায় যুবদলের সদস্য সবুজ রাঢ়ি, হাসান রাঢ়ি, নূরনবী রাঢ়ি, কুদ্দুস ব্যাপারী, ছাত্রদলের ইয়াকুব রাঢ়ি, আবু রায়হান, সোলায়মান রাঢ়ি, রিয়াজ রাঢ়িসহ আমাদের ১০ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে ৯ জন গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।’
গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশাদুর রহমান বলেন, চরবিশ্বাস এলাকায় বিএনপি ও গণ অধিকারের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের একাধিক ব্যক্তি আহত হয়েছেন। ঘটনার পরপরই পুলিশ পাঠানো হয়েছে, বর্তমানে পরিস্থিতি শান্ত আছে এবং পুলিশ টহল দিচ্ছে। সংঘর্ষে জড়িত দুই পরিবারের সদস্যরা দুটি রাজনৈতিক দলের সমর্থক। রাজনৈতিক প্রভাব বিস্তারকে কেন্দ্র করেই সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে এখন পর্যন্ত কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: আহত হয় ছ ন ছ ত রদল র চরব শ ব স য় য বদল কর ম র স ঘর ষ গল চ প গতক ল উপজ ল
এছাড়াও পড়ুন:
অনলাইনের যেকোনো তথ্য যাচাই করতে হবে
ভুয়া বা ভুল তথ্য এবং অপতথ্যের এই সময়ে সবচেয়ে জরুরি হলো—প্রশ্ন করার অভ্যাস ও তথ্য যাচাইয়ের দক্ষতা। পাশাপাশি অনলাইনে পাওয়া যেকোনো কনটেন্ট (আধেয়) শুরুতেই সন্দেহের চোখে দেখতে হবে; প্রথম দেখাতেই পুরোপুরি বিশ্বাস করা যাবে না।
অনলাইনে দ্রুত তথ্যের সত্যতা যাচাইয়ের কৌশল শেখাতে প্রথম আলো বন্ধুসভার বিশেষ কর্মশালায় এ কথা বলেন বক্তারা। আজ শুক্রবার ‘কোয়েশ্চেন এভরিথিং ইউ সি অনলাইন: ট্রেইনিং অন কুইক ফ্যাক্ট-চেকিং অ্যান্ড ভেরিফিকেশন (অনলাইনে যা দেখবেন, প্রশ্ন করবেন: তথ্য যাচাই পদ্ধতিবিষয়ক প্রশিক্ষণ)’ শিরোনামে এই কর্মশালার আয়োজন করা হয়। দেশি-ফুডসের পৃষ্ঠপোষকতায় ও ডিসমিসল্যাবের সহযোগিতায় রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে সকাল সাড়ে ৯টায় শুরু হয়ে কর্মশালা চলে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।
বন্ধুসভা জাতীয় পর্ষদের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন মল্লিকের সঞ্চালনায় প্রথম সেশনে ‘ক্রিটিক্যাল থিংকিং’ বিষয়ে আলোচনা করেন ডিজিটালি রাইটের ব্যবস্থাপনা পরিচালক মিরাজ আহমেদ চৌধুরী। তিনি বলেন, ‘কোনো ভুল তথ্যকে যদি সঙ্গে সঙ্গে সঠিক না করেন তাহলে এই তথ্যকে একসময় মানুষ সত্যি মনে করবে। এখন সেই ব্যবসা তত বড়, যে ব্যবসায় তথ্য বেশি। যাদের কাছে তথ্য বেশি তারা এগিয়ে যায়। যাচাই করার সক্ষমতা বর্তমানে অনেক বেশি জরুরি হয়ে গেছে। যেকোনো তথ্যে দেখবেন সূত্র উল্লেখ আছে কি না। সূত্র না থাকলে তথ্য সঠিক মনে করা যাবে না।’
স্বাগত বক্তব্যে প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হক অংশগ্রহণকারীদের উদ্দেশে বলেন, ‘প্রশ্ন করতে হবে। তথ্য সত্য কি না, যাচাই করতে হবে। জগৎটা এখন অনেক বেশি তথ্যের।’
তথ্যের সত্যতা যাচাই, ছবি যাচাই এবং অনলাইন আর্কাইভিং বিষয়ে আলোচনা করেন ডিসমিসল্যাবের গবেষণা কর্মকর্তা তৌহিদুল ইসলাম। কীভাবে মুহূর্তেই নির্দিষ্ট বিষয়ের তথ্য, ছবি, ভিডিও, তথ্য প্রকাশের তারিখ ও ডকুমেন্ট ফাইল খুঁজে বের করতে হবে; মোবাইলে রিভার্স ইমেজ সার্চ, ছবির মেটা ডেটা যাচাই কীভাবে করা যাবে এবং এ–সংক্রান্ত বিভিন্ন এআই টুলের ব্যবহার বিষয়ে হাতে–কলমে সেশন পরিচালনা করেন তিনি।
আর এআইয়ের মাধ্যমে তৈরি ছবি ও ভিডিও কীভাবে যাচাই করা যাবে; কোনটা এআই ভিডিও, কোনটা বাস্তব—কীভাবে শনাক্ত করা যাবে এবং এআই চিহিৃতকরণ কয়েকটি টুলের ব্যবহার দেখান ডিসমিসল্যাবের আরেকজন গবেষণা কর্মকর্তা আহমেদ ইয়াসীর আবরার।
অংশগ্রহণকারীদের উদ্দেশে বন্ধুসভা জাতীয় পর্ষদের উপদেষ্টা উত্তম রায় বলেন, ‘অনলাইনে কোনো কিছু দেখলে সঙ্গে সঙ্গেই রিঅ্যাক্ট করা যাবে না। যাচাই করতে হবে, সময় নিয়ে চিন্তা করতে হবে।’
ডিসমিসল্যাব ও দেশি-ফুডসকে ধন্যবাদ জানিয়ে জাতীয় পর্ষদের সভাপতি জাফর সাদিক বলেন, ‘আমাদের একটি বড় সমস্যা হলো জেনে না জেনে অপতথ্যের প্রচার করা। অনেকের মধ্যেই ডিজিটাল শিক্ষা খুবই কম। এর কারণ হলো প্রযুক্তি অনেক বেশি এগিয়ে গেছে। কোনটা এআই, কোনটা সত্য—তা যাচাই করা অনেক সময় কঠিন হয়ে যায়। তাই অনলাইনে যা কিছুই দেখবেন, সবার আগে নিজেকে প্রশ্ন করবেন।’
দেশি-ফুডসের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মাহফুজের রহমান ও প্রোডাক্ট ডেভেলপমেন্ট কর্মকর্তা রুপা খাতুন। বন্ধুসভার সঙ্গে থাকতে পেরে প্রথম আলো ও বন্ধুসভাকে ধন্যবাদ জানান মাহফুজের রহমান। অংশগ্রহণকারীদের ভবিষ্যৎ ক্যারিয়ার বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন তিনি।
দেশি-ফুডসের পৃষ্ঠপোষকতায় ‘পারসোনাল ব্র্যান্ডিং’, ‘আইইএলটিএস ও বিদেশে উচ্চশিক্ষা’, ‘গ্রাফিক ডিজাইন’সহ এ নিয়ে চারটি প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হলো। পুরো আয়োজনের সমন্বয় করেছেন বন্ধুসভা জাতীয় পর্ষদের প্রশিক্ষণ সম্পাদক সামছুদ্দোহা সাফায়েত। কর্মশালা শেষে অংশগ্রহণকারীদের সনদ দেওয়া হয়।