কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক চ্যাটবট চ্যাটজিপিটর নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআইয়ের প্রোগ্রামিং ইন্টারফেস বা এপিআই ব্যবহার করে ম্যালওয়্যার ছড়ানো ও গোপনে তথ্য সংগ্রহের ঘটনা শনাক্ত করেছে মাইক্রোসফট। মাইক্রোসফটের ডিটেকশন অ্যান্ড রেসপন্স টিম ডার্ট জানিয়েছে, ওপেনএআইয়ের এপিআই ব্যবহার করে সাইবার অপরাধীরা দীর্ঘ মেয়াদে গুপ্তচরবৃত্তির কাজ করছে।

মাইক্রোসফটের নিরাপত্তা গবেষকেরা জানিয়েছেন, অপরাধীরা ওপেনএআইয়ের অ্যাসিস্ট্যান্টস এপিআই দিয়ে একটি গোপন ব্যাকডোর তৈরি করে ম্যালওয়্যারের মাধ্যমে নির্দেশনা ও তথ্য আদান-প্রদান করছে। এ পদ্ধতিতে আক্রান্ত সিস্টেমের ভেতরে থেকে অদৃশ্যভাবে তথ্য চুরি ও নজরদারি চালানো হচ্ছে। মাইক্রোসফটের এক প্রতিবেদনে দেখা যায়, প্রচলিত পদ্ধতির বদলে হ্যাকাররা ওপেনএআই প্ল্যাটফর্মকে ‘কমান্ড অ্যান্ড কন্ট্রোল’ চ্যানেল হিসেবে ব্যবহার করছে। এতে আক্রান্ত সিস্টেমে গোপনে যোগাযোগ করে ক্ষতিকর কার্যক্রম পরিচালনা করা যায়। ব্যাকডোরের একটি অংশ ওপেনএআই অ্যাসিস্ট্যান্টস এপিআইকে বিভিন্ন নির্দেশনা সংরক্ষণ ও তথ্য আদান-প্রদানের মাধ্যম হিসেবে ব্যবহার করছে।

এ বছরের জুলাই মাসে সাইবার নিরাপত্তা ঘটনার তদন্ত করার সময় মাইক্রোসফটের গবেষকেরা ওপেনএআইয়ের অ্যাসিস্ট্যান্টস এপিআইয়ের ভেতরে ত্রুটি দেখেন। নতুন ধরনের একটি ব্যাকডোর শনাক্ত করে নাম দেওয়া হয় সিসেমি অপ। সাধারণভাবে অ্যাসিস্ট্যান্টস এপিআই এমন একটি ডেভেলপার টুল, যা ব্যবহার করে বিভিন্ন প্রতিষ্ঠান নিজেদের অ্যাপ্লিকেশনে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর সহকারী তৈরি করতে পারে। চ্যাটজিপিটি বা কোড ইন্টারপ্রিটারের মতো ওপেনএআইয়ের টুলকে সরাসরি তৃতীয় পক্ষের অ্যাপে সংযুক্ত করার সুবিধা থাকে এই টুলের মাধ্যমে। আগামী বছর এই সিস্টেম ‘রেসপন্সেস এপিআই’ নামের আরেকটি টুল দিয়ে প্রতিস্থাপনের কথা রয়েছে।

গবেষকেরা জানান, এই ব্যাকডোরের মাধ্যমে হ্যাকাররা আক্রান্ত ডিভাইসকে গোপনে নিয়ন্ত্রণ করতে পারে। তারা অ্যাসিস্ট্যান্টস এপিআই ব্যবহার করে এনক্রিপট করা তথ্য ও ক্ষতিকর নির্দেশনা পাঠিয়ে ডেটা সংগ্রহ করে। ঘটনার প্রযুক্তিগত তথ্য প্রকাশ করেনি মাইক্রোসফট। ঘটনা বিশ্লেষণের পাশাপাশি মাইক্রোসফট তাদের প্রতিবেদনে সম্ভাব্য ঝুঁকি কমাতে কিছু পরামর্শ দিয়েছে। ফায়ারওয়াল ও ওয়েব সার্ভারের লগ নিয়মিতভাবে পর্যালোচনা করার পরামর্শ দিয়েছে মাইক্রোসফট। পাশাপাশি ফায়ারওয়াল ও প্রক্সি সেটিংস সঠিকভাবে কনফিগার করে অননুমোদিত প্রবেশাধিকার সীমিত রাখতে হবে। অস্বাভাবিক বা অপ্রচলিত পোর্ট ব্যবহার করে কেউ সংযোগের চেষ্টা করছে কি না, তা নিয়মিতভাবে নজরে রাখতে হবে।

এ ছাড়া মাইক্রোসফট জানিয়েছে, ওপেনএআইয়ের অ্যাসিস্ট্যান্টস এপিআই আগামী বছর বন্ধ হয়ে যাবে বলে ডেভেলপারদের নতুন রেসপন্সেস এপিআইতে স্থানান্তর শুরু করা উচিত। এ বিষয়ে ওপেনএআই তাদের ওয়েবসাইটে বিস্তারিত নির্দেশিকা প্রকাশ করেছে।

সূত্র: ম্যাশেবল

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

চ্যাটজিপিটিতে নতুন সুবিধা

চ্যাটজিপিটিতে ‘শপিং রিসার্চ’ নামের নতুন টুল যুক্ত করেছে ওপেনএআই। টুলটি কাজে লাগিয়ে ব্যবহারকারীরা অনলাইনে পণ্য অনুসন্ধান, একই ধরনের অন্য পণ্যের সঙ্গে দামের তুলনা করার পাশাপাশি নির্দিষ্ট পণ্যের গুরুত্বপূর্ণ তথ্য সহজেই জানতে পারবেন। আর তাই রিয়েলটাইম তথ্যের ভিত্তিতে সহজে ভালো মানের পণ্য কেনার সিদ্ধান্ত নিতে টুলটি বিশেষভাবে সহায়ক হবে বলে জানিয়েছে ওপেনএআই।

ওপেনএআইয়ের তথ্যমতে, শপিং রিসার্চ টুলটি ব্যবহার করে বিভিন্ন পণ্যের দামের পরিবর্তন, রিভিউ, প্রাপ্যতা, স্পেসিফিকেশনসহ প্রয়োজনীয় তথ্য জানা যাবে। পাশাপাশি দুই বা ততোধিক পণ্যের বৈশিষ্ট্য পাশাপাশি রেখে তুলনা করা যাবে। পণ্যের ওপর ছাড়, ডেলিভারির সময়সীমা বা অতিরিক্ত সুবিধার মতো বিষয়ও এখানে তুলে ধরা হবে। ব্যবহারকারীর বাজেট, পছন্দ বা নির্দিষ্ট প্রয়োজন অনুযায়ী ব্যক্তিকেন্দ্রিক পরামর্শও দিতে পারে টুলটি।

টুলটি চালু করলে একটি ভিজ্যুয়াল ইন্টারফেস দেখা যাবে। সেখানে ব্যবহারকারীর বাজেট, পণ্যটির গুরুত্বপূর্ণ তথ্য শেয়ারের পাশাপাশি মেমোরি ফিচার সক্রিয় করলে দ্রুত সুনির্দিষ্ট ফলাফল জানা যাবে। বিশেষজ্ঞদের মতে, ব্যবহারকারীর সিদ্ধান্তে প্রভাব ফেলতে পারা, এ ধরনের সেবা ভবিষ্যতে ওপেনএআইয়ের জন্য নতুন আয়ের পথ তৈরি করতে পারে।

আরও পড়ুনচ্যাটজিপিটির স্বাস্থ্য পরামর্শ মানতে গিয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ১১ আগস্ট ২০২৫

ওপেনএআই জানিয়েছে, মোবাইল ও ওয়েব প্ল্যাটফর্মে লগইন করা চ্যাটজিপিটি ব্যবহারকারীদের জন্য ধাপে ধাপে টুলটি চালু করা হচ্ছে। ফ্রি, গো, প্লাস ও প্রো সব ধরনের প্ল্যানেই সুবিধাটি পাওয়া যাবে। চ্যাটজিপিটিকে অনলাইন কেনাকাটার নির্ভরযোগ্য সহযোগী হিসেবে গড়ে তুলতেই নতুন এ সুবিধা চালু করেছে ওপেনএআই।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

আরও পড়ুনচ্যাটজিপিটির কাছে দিনে কত কোটি তথ্য জানানোর অনুরোধ আসে ২৬ জুলাই ২০২৫

সম্পর্কিত নিবন্ধ

  • চ্যাটজিপিটিতে নতুন সুবিধা