মানিকগঞ্জে গতকাল রোববার রাতে একটি স্কুলবাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করেন ফায়ার সার্ভিসের সদস্যরা। তবে এর আগেই বাসটির বেশির ভাগ অংশ পুড়ে যায়।

গতকাল রাত আটটার দিকে শিবালয় উপজেলার উথলী মোড়ে একটি ফিলিং স্টেশনে রাখা বাসটিতে আগুন দেওয়া হয়।

বিদ্যালয় কর্তৃপক্ষ ও শিবালয় থানা-পুলিশ সূত্রে জানা গেছে, জেলা সদরে গিলন্ড এলাকায় মুন্নু সিটিতে অবস্থিত মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থীদের পরিবহনের জন্য বেশ কয়েকটি বাস আছে। প্রতিদিন সকালে বাসগুলো দিয়ে শিবালয়ের উথলী ও আশপাশ থেকে শিক্ষার্থীদের বিদ্যালয়ে আনা-নেওয়া করা হয়।

গতকাল বিকেলে বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিজ নিজ এলাকায় নামিয়ে দিয়ে বাসটি উথলী এলাকায় সারমানো সিএনজি অ্যান্ড ফিলিং স্টেশনের পাশে পার্কিং করে রাখা হয়। রাত আটটার দিকে একটি বাসে কয়েকজন দুর্বৃত্ত আগুন দেয়। বাসে আগুন জ্বলতে দেখে স্থানীয় লোকজন ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেন।

এরপর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। এর মধ্যে আগুনে বাসের অধিকাংশ পুড়ে যায়। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এ বিষয়ে মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ কর্নেল (অব.

) জহিরুল ইসলাম বলেন, বাসটি তাঁদের প্রতিষ্ঠানের নিজস্ব নয়। ভাড়া নেওয়া বাসটিতে শিক্ষার্থীদের বিদ্যালয়ে আনা-নেওয়া করা হতো।

শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আশপাশের ক্লোজ সার্কিট ক্যামেরার (সিসিটিভি) ভিডিও চিত্র পর্যবেক্ষণ করে দেখা হচ্ছে। কে বা কারা এ অগ্নিসংযোগের সঙ্গে জড়িত, এ বিষয়ে তদন্ত চলছে।

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

চট্টগ্রামে বেসরকারি ডিপোর ধর্মঘট স্থগিত

আমদানি-রপ্তানি কনটেইনার ব্যবস্থাপনায় যুক্ত বেসরকারি কনটেইনার ডিপোর ধর্মঘট কর্মসূচি স্থগিত করা হয়েছে। আজ বুধবার বিকেলে চট্টগ্রাম বন্দর ভবনে বন্দর ও কাস্টমস কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকের পর এ কর্মসূচি স্থগিতের ঘোষণা দেওয়া হয়। আগামীকাল বৃহস্পতিবার এ ধর্মঘট কর্মসূচি পালনের কথা ছিল।

গত সেপ্টেম্বর থেকে কনটেইনার ডিপো রপ্তানি ও খালি কনটেইনারের সেবা বাবদ বাড়তি মাশুল আদায়ের ঘোষণা দিয়েছিল কনটেইনার ডিপো সমিতি। তবে একজন ব্যবহারকারী বিষয়টি নিয়ে আদালতে রিট করেন। আদালত বাড়তি মাশুল আদায়ে স্থগিতাদেশ দেন। বাড়তি মাশুল আদায় করতে না পেরে বৃহস্পতিবার থেকে রপ্তানি কার্যক্রম বন্ধ বা ধর্মঘট কর্মসূচি পালনের প্রস্তুতি নিয়েছিল ডিপো পরিচালনাকারীরা। পোর্টলিংক লজিস্টিকস ছাড়া বাকি সব ডিপোর রপ্তানি বন্ধের কথা ছিল।

এ পরিস্থিতিতে বুধবার বিকেলে বন্দর ও কাস্টমস কর্মকর্তাদের সঙ্গে কনটেইনার ডিপো সমিতির বৈঠক হয়। বৈঠকে বন্দরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কমোডর আহমেদ আমিন আবদুল্লাহ, কনটেইনার ডিপো অ্যাসোসিয়েশনের সভাপতি খলিলুর রহমানসহ ডিপো পরিচালনাকারী উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক জানান, বন্দর ও কাস্টমস কর্মকর্তাদের সঙ্গে আলোচনার পর আগামীকালের কর্মসূচি এক মাসের জন্য স্থগিত করতে সম্মত হয়েছে কনটেইনার ডিপো সমিতি।

জানতে চাইলে কনটেইনার ডিপো সমিতির মহাসচিব রুহুল আমিন সিকদার প্রথম আলোকে বলেন, ১৩ বছর ধরে একই মাশুল থাকায় ডিপো পরিচালনায় লোকসান গুনছেন উদ্যোক্তারা। আদালতের স্থগিতাদেশের কারণে নতুন যে মাশুল নির্ধারণ করা হয়েছিল, তা বাস্তবায়ন করা যায়নি। এ কারণে লোকসান ঠেকাতে রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার জন্য ডিপোগুলো আলাদাভাবে সিদ্ধান্ত নিয়েছিল। এ পরিস্থিতিতে বন্দর কর্তৃপক্ষের কর্মকর্তারা এক মাসের মধ্যে বিষয়গুলো সমাধানের আশ্বাস দিয়েছেন। এই আশ্বাসে কর্মসূচি এক মাসের জন্য স্থগিত করা হয়েছে।

চট্টগ্রাম বন্দর দিয়ে রপ্তানি হওয়া কনটেইনারের ৯০ শতাংশ ডিপোতে ব্যবস্থাপনা হয়। ডিপোতে কনটেইনারে ভরে ডিপোর গাড়িতে বন্দরে নিয়ে জাহাজে তুলে দেওয়া হয়। ফলে ডিপোর কার্যক্রম ব্যাহত হলে রপ্তানি কার্যক্রমও সিংহভাগ অচল হয়ে যায়।

সম্পর্কিত নিবন্ধ