দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়, কুয়াশা কমলেও হিমেল হাওয়ার দাপট
Published: 11th, November 2025 GMT
সারা দেশে সর্বনিম্ন ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। আজ মঙ্গলবার সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগার এই তাপমাত্রা রেকর্ড করে। কুয়াশা কিছুটা কমলেও উত্তরের হিমেল বাতাসে গতকাল রাত থেকে সকাল পর্যন্ত জেলায় শীত অনুভূত হচ্ছে।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্রে জানা যায়, আজ সকাল ৯টায় তেঁতুলিয়ায় বাতাসে আর্দ্রতা ছিল ৭৮ শতাংশ। আর বাতাসের গতিবেগ ছিল প্রতি ঘণ্টায় ১২ থেকে ১৪ কিলোমিটার। তবে গত কয়েক দিনের তুলনায় আজ জেলাজুড়ে কুয়াশার পরিমাণ কিছুটা কম ছিল। সকালের হিমেল বাতাস কনকনে শীতের বার্তা দিলেও বেলা বাড়ার সঙ্গে দেখা মিলেছে ঝলমলে রোদের।
স্থানীয় কয়েকজন বাসিন্দার মতে, হেমন্তের মাঝামাঝি সময়ে উত্তরের এই জনপদে প্রায় প্রতিদিনই দিনের বেলা ঝলমলে রোদের কারণে দিন ও রাতের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রার মধ্যে ব্যবধান সৃষ্টি হচ্ছে। গতকাল সোমবার বিকেলে তেঁতুলিয়ায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যা হতে না হতেই অনুভূত হচ্ছে শীত, যা থাকছে পরদিন সকাল পর্যন্ত।
আজ সকালে পঞ্চগড় সদর উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, হালকা কুয়াশার আবরণে মোড়ানো সকালে বইছে উত্তরের ঝিরিঝিরি বাতাস। এর মধ্যে প্রয়োজনীয় কাজে বের হয়ে হয়েছেন স্বল্পসংখ্যক মানুষ। কেউ হাঁটছেন আবার কেউ কেউ ফসলের মাঠে পাকা ধান কাটার কাজ করছিলেন। শিক্ষার্থীদের কেউ কেউ ব্যাগ-বইপত্র নিয়ে বের হয়েছিল।
আরও পড়ুনপঞ্চগড়ে তাপমাত্রা কমতে শুরু করেছে, ঝরছে কুয়াশা২১ ঘণ্টা আগেআজ সকাল সোয়া সাতটার দিকে সদর উপজেলার তেলিপাড়া এলাকায় পাকা ধান কাটছিলেন রুবেল ইসলাম (৩৫) নামের এক কৃষক। তিনি বলেন, ‘কাইলকার (গতকালের) চেয়ে আজি সকাল তকা (থেকে) কুয়াশা কম। কিন্তু আজি একখান ঠান্ডা বাতাস লাগেছে। ধান কাটিতে হাত-পা ঠান্ডা হচে। এইবার বুঝা যাছে ঠান্ডার (শীতের) দিন চলে আইচ্চে (এসেছে)।’
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় মুঠোফোনে প্রথম আলোকে বলেন, এখন থেকে তেঁতুলিয়ার দিনের তাপমাত্রা কমতে থাকবে। নভেম্বরের শেষ সময় থেকে ডিসেম্বরের শুরুর দিকে এই এলাকায় একটি মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
তেঁতুলিয়ায় আজ মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা
সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে তিন দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে। সেখানে দিন দিন বাড়ছে শীতের তীব্রতা। রাতভর ঘন কুয়াশায় ঢেকে যাচ্ছে চারদিক।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্রে জানা গেছে, আজ শনিবার সকাল ৯টায় তেঁতুলিয়ায় সারা দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। যা চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা। এ সময় তেঁতুলিয়ায় বাতাসে আর্দ্রতা ছিল ৯৪ শতাংশ এবং বাতাসের গতিবেগ ছিল প্রতি ঘণ্টায় ১০ থেকে ১২ কিলোমিটার। রাত থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশায় ঢাকা ছিল চারদিক। সকাল সাড়ে আটটার পর কুয়াশা ভেদ করে হালকা রোদ উঠলেও তেমন বাড়েনি রোদের তীব্রতা। এতে দিনের বেলায়ও শীত অনুভূত হচ্ছে।
এর আগে গতকাল শুক্রবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল তেঁতুলিয়া ও শ্রীমঙ্গলে। এ ছাড়া গত বৃহস্পতিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল তেঁতুলিয়া ও নওগাঁর বদলগাছীতে।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় মুঠোফোনে প্রথম আলোকে বলেন, আজ তেঁতুলিয়ায় সারা দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এটা চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা এবং মৃদু শৈত্যপ্রবাহের আভাস। উত্তরের হিমেল বাতাস প্রবেশ করায় এই জনপদে দিন দিন শীতের তীব্রতা বাড়ছে।
হেমন্তের শুরু থেকেই উত্তরের জেলা পঞ্চগড়ে সন্ধ্যার পর থেকেই হালকা শীত অনুভূত হচ্ছিল। এর মাঝে কুয়াশার পরিমাণ কম থাকায় দিনের বেলায় ঝলমলে রোদের দেখা মিলত। তবে কয়েক দিন ধরেই জনপদে সন্ধ্যার পর থেকে বাড়ছে কুয়াশার দাপট। সেই সঙ্গে উত্তরের হিমেল হাওয়ায় রাতভর অনুভূত হচ্ছে কনকনে শীত। তবে দিনের বেলায় ঝলমলে রোদ থাকায় দিনের তাপমাত্রা কিছুটা বাড়ছে। গতকাল শুক্রবার বিকেলে তেঁতুলিয়ায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।
আজ সকালে পঞ্চগড় সদর উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, কুয়াশায় ছেয়ে আছে চারদিক। সুনসান নীরবতায় গরম কাপড় পরে প্রয়োজনীয় কাজে বের হয়েছেন অনেকে। শীতের শাকসবজি নিয়ে বাজারে যাচ্ছেন কৃষকেরা। কেউ কেউ মাঠে করছেন হালচাষ। এরই মধ্যে পূর্বাকাশে সূর্য দেখা দিলেও নেই রোদের তীব্রতা।
সকাল পৌনে আটটার দিকে জেলা শহরে কথা হয় ইজিবাইক চালক এনামুল হকের (৪০) সঙ্গে। তিনি বলেন, ‘আইজকা সারা রাতি খুপে ঠান্ডা (শীত) নাগিছে। সকালে বাইর হওয়ার সময় খুপে কুয়াশা ছিল, এ্যালা কনেক (একটু) কমিছে। আইজকার ঠান্ডাখানোত হাত-পাও পটপটাছে।’
আরও পড়ুনদেশের সর্বনিম্ন তাপমাত্রা আজ তেঁতুলিয়ায়, বেড়েছে শীতের অনুভূতি০২ ডিসেম্বর ২০২৫