রাজনীতিতে নতুনভাবে জবরদস্তির প্রবণতা দেখা যাচ্ছে: সাইফুল
Published: 10th, November 2025 GMT
বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, “দুইটি ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরতন্ত্রের পতন ঘটলেও এখনো অনেকেই কর্তৃত্ববাদের ভূত কাঁধে নিয়ে হাঁটছেন। রাজনীতিতে নতুনভাবে জবরদস্তির প্রবণতা দেখা যাচ্ছে, যা ফ্যাসিবাদের নতুন রূপের ইঙ্গিত দেয়।”
সোমবার (১০ নভেম্বর) রাজধানীর নূর হোসেন স্কয়ারে এরশাদবিরোধী আন্দোলনের শহীদ নূর হোসেনের ৩৮তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
সাইফুল হক বলেন, “চরম কর্তৃত্ববাদ ও দুঃশাসনের বিরুদ্ধে দুবার গণঅভ্যুত্থান ঘটলেও স্বৈরাচারী রাজনীতির শিকড় এখনো রয়ে গেছে। এ কারণেই বারবার দমন-নিপীড়নমূলক শাসন ফিরে আসে। ফ্যাসিস্ট রাজনীতির পূর্ণ অবসান না ঘটালে গণতান্ত্রিক শাসন প্রতিষ্ঠা সম্ভব নয়।”
তিনি বলেন, “সরকারের অকার্যকারিতা ও দুর্বলতার সুযোগ নিয়ে অনেকে ঘোলা পানিতে মাছ শিকার করছে। বৈষম্যহীন মানবিক সমাজ প্রতিষ্ঠাই শহীদ নূর হোসেন, ডাক্তার মিলন, আবু সাঈদ, মীর মুগ্ধদের স্বপ্ন ছিল। সেই সাম্যভিত্তিক সমাজ গড়লেই তাদের রক্তের ঋণ শোধ হবে।”
তিনি আরো বলেন, “শহীদ নূর হোসেন ও আবু সাঈদরা আজো আমাদের প্রেরণার উৎস। তাদের আদর্শই আমাদের গণতান্ত্রিক ও মানবিক রাষ্ট্রের পথে এগিয়ে যেতে সাহস জোগায়।”
এ সময় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান, মীর মোফাজ্জল হোসেন মোশতাক, কেন্দ্রীয় কমিটির সদস্য সিকদার হারুন মাহমুদ, মীর রেজাউল আলম, কেন্দ্রীয় সংগঠক বাবর চৌধুরী, যুবরান আলী জুয়েল, ঢাকা মহানগর কমিটির সদস্য মোহাম্মদ সালাউদ্দিন, মোহাম্মদ রিয়েল, আরিফুল ইসলাম আরিফ, চুন্নু সিকদার প্রমুখ উপস্থিত ছিলেন।
ঢাকা/এএএম/মেহেদী
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
শেরপুর-২ আসন থেকে এনসিপির হয়ে লড়বেন সেই খোকন চন্দ্র বর্মণ
গণঅভ্যুত্থানে গুরুতর আহত হয়ে চেহারা বদলে যাওয়া সেই খোকন চন্দ্র বর্মণ আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) হয়ে লড়বেন। তিনি শেরপুর-২ আসন থেকে শাপলা কলি প্রতীকে নির্বাচন করবেন।
বুধবার (১০ ডিসেম্বর) সকালে ঢাকার বাংলামোটরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে ১২৫ আসনে প্রথম ধাপের মনোনয়ন ঘোষণা করেন দলের সদস্য সচিব আখতার হোসেন। এ সময় শেরপুর-২ আসনে এই জুলাই যোদ্ধার নাম ঘোষণা করা হয়।
এদিকে, শেরপুর- ২ (নকলা-নালিতাবাড়ী) সংসদীয় আসনে বিএনপির হয়ে লড়বেন প্রয়াত হুইপ আলহাজ জাহেদ আলী চৌধুরীর ছেলে বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও শেরপুর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী। একই আসনে জামায়াতে ইসলামীর হয়ে লড়েবেন গোলাম কিবরিয়া।
জুলাই গণঅভ্যুত্থানের সময় ৫ আগস্ট যাত্রাবাড়ী থানার সামনে পুলিশের গুলিতে গুরুতর আহত হন খোকন চন্দ্র বর্মণ। এই ঘটনার পর তার ঠোঁট, মাড়ি, নাক এবং তালু ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া, তার বাম চোখও নষ্ট হয়ে যায়। পরে তার চিকিৎসার জন্য রাশিয়াতেও পাঠায় সরকার। সুস্থ হলেও বদলে যায় তার চেহারা।
খোকন চন্দ্র বর্মণ মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম সাক্ষী হিসেবেও সাক্ষ্য দিয়েছেন। এছাড়া, দল গঠনের পর থেকেই এনসিপির সঙ্গে জড়িত আছেন তিনি। বিভিন্ন সভা-সমাবেশেও তাকে বক্তব্য দিতে দেখা গেছে।
ঢাকা/রায়হান/ইভা