পাকিস্তানে আদালতের সামনে বোমা বিস্ফোরণে নিহত ১২
Published: 11th, November 2025 GMT
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের জেলা আদালতের সামনে বোমা বিস্ফোরণে অন্তত ১২ জন নিহত হয়েছে। মঙ্গলবার এ হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ডন অনলাইন।
স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি আদালতের বাইরে সংবাদমাধ্যমকে জানান, স্থানীয় সময় দুপুর ১২টা ৩৯ মিনিটে একটি ‘আত্মঘাতী বিস্ফোরণ’ ঘটেছে। এতে ১২ জন নিহত এবং প্রায় ২৭ জন আহত হয়েছেন। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে, প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ব্যক্তিগতভাবে এই বিষয়ে হাসপাতালে কথা বলেছেন।
মন্ত্রী জানান, হামলাকারী আদালতের বাইরে প্রায় ১২ মিনিট দাঁড়িয়ে ছিল। হামলাকারী প্রথমে আদালতের ভেতরে যাওয়ার চেষ্টা করেছিল কিন্তু পরে তা করতে না পেরে পুলিশের গাড়ি লক্ষ্য করে হামলা চালায়।
আক্রমণকারীকে শনাক্ত করাকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে উল্লেখ করে নকভি বলেন, “আমি আপনাদের আশ্বস্ত করছি যে আগামী কয়েক ঘন্টার মধ্যে আমরা তাকে শনাক্ত করব। আমরা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে এই ঘটনাটি তদন্ত করছি। এটি কেবল আরেকটি বোমা হামলা নয়। এটি ঠিক ইসলামাবাদে ঘটেছে।”
ঢাকা/শাহেদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
‘মার্চে চলবে পাবনা-ঢাকা ট্রেন, প্রশস্ত হচ্ছে আব্দুল হামিদ সড়ক’
২০২৬ সালের মার্চ মাসেই পাবনা থেকে সরাসরি ঢাকায় ট্রেন চালুর আশার কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টার সড়ক, সেতু ও রেল যোগাযোগ বিষয়ক বিশেষ সহকারী শেখ মঈনুদ্দিন।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে পাবনার পাকশী পশ্চিমাঞ্চল বিভাগীয় রেলওয়ে কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
শেখ মঈনুদ্দিন বলেন, “বর্তমানে রেল বিভাগে কিছু কোচ সংকট রয়েছে। অল্পদিনেই তা নিরসনের মধ্য দিয়ে মার্চ মাস থেকে পাবনা থেকে ঢাকায় সরাসরি ট্রেন চালুর প্রস্তুতি নিচ্ছে রেল বিভাগ।”
এসময় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মালামাল পরিবহনের উদ্দেশ্যে নির্মিত অপব্যবহৃত রেলস্টেশনটি পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়ার কথাও জানান তিনি।
সারাদেশে নৌ, রেল ও সড়ক পথে সমন্বিত আধুনিক যোগাযোগ ব্যবস্থা গড়ার পরিকল্পনা জানিয়ে শেখ মঈনুদ্দিন বলেন, দেশের জেলা পর্যায়ের সংযোগকারী মহাসড়ক চারলেনে উন্নীতকরণ ও প্রধান সড়কগুলো প্রশস্তকরণের কাজ শুরু হয়েছে। পুরনো জেলা হিসেবে পাবনার প্রধান আব্দুল হামিদ সড়ক প্রশস্তকরণে অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করছে সরকার।
পাশাপাশি, আরিচা খাসচর ফেরি সংযোগ প্রকল্প, পাকশী-বাধেরহাট সড়ক প্রশস্তকরণ, কাশীনাথপুর-উল্লাপাড়া সড়ক প্রশস্তকরণ প্রকল্প সরকারের সক্রিয় বিবেচনায় রয়েছে। একইসাথে ঈশ্বরদী রেলগেটে যানজট নিরসনে ওভারপাস নির্মাণের আশ্বাস দেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী।
এর আগে, বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী, পাবনা সদর আসনে বিএনপি মনোনীত প্রার্থী শামসুর রহমান শিমুল বিশ্বাস ও জেলা বিএনপির আহ্বায়ক, পাবনা-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী হাবিবুর রহমান হাবিব প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মঈনুদ্দিনের কাছে পাবনাবাসীর পক্ষ থেকে যোগাযোগ উন্নয়নে দীর্ঘদিনের দাবিগুলো তুলে ধরেন।
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মঈনুদ্দিন গতকাল সোমবার (৮ ডিসেম্বর) ঈশ্বরদী আসেন। মঙ্গলবার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প ও উপদেষ্টার ছাত্রজীবনের স্মৃতি বিজড়িত নর্থ বেঙ্গল পেপারমিল স্কুল পরিদর্শন করেন তিনি।
এসময় পাবনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আলহাজ্ব আব্দুস সামাদ খান মন্টু, বাংলাদেশ পেট্রোল পাম্প মালিক সমিতির মহাসচিব আবু আহসান খান রেয়ন ও পশ্চিমাঞ্চল বিভাগীয় রেলের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ঢাকা/শাহীন/এস