আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য বিএনপি চলতি অক্টোবর মাসের মধ্যে ২০০ আসনে প্রার্থী বাছাই করে তাদের সবুজ সংকেত দেওয়া হবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ‘আমরা এই মাসের মধ্যেই দলের পক্ষ থেকে কম-বেশি ২০০ নির্বাচনী এলাকায় একক প্রার্থীকে হয়তো আমরা গ্রিন সিগন্যাল দেব। সেই প্রক্রিয়ায় আছি, আমরা শেষের দিকে। যাতে নির্বাচন মাঠে প্রার্থী হিসেবে তারা কাজ করতে পারে।’

আজ শুক্রবার বিকেলে রাজধানীর গুলশানে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সালাহউদ্দিন আহমদ এ কথা বলেন।

অনেকে বলে বেড়াচ্ছেন তারেক রহমানের কল পেয়েছেন, তাঁদের প্রার্থিতা নিশ্চিত.

..এমন প্রশ্নের জবাবে বিএনপির এই নেতা বলেন, ‘আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দিনরাতই কর্মীদের সঙ্গে কথা বলেন। এটি নতুন কিছু নয়। তিনি দায়িত্ব নেওয়ার পর থেকেই তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত সবার সঙ্গে যোগাযোগ রাখছেন। নির্বাচনের আগে নেতা-কর্মীদের সঙ্গে কথা হওয়াই স্বাভাবিক।’

জুলাই গণ-অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নিয়ে জোট গঠিত হতে পারে কি না, এমন প্রশ্নের জবাবে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারক ফোরামের এই নেতা বলেন, ‘রাজনৈতিক দল হিসেবে যোগাযোগ আছে, তবে এখনো কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি। জোটবদ্ধ হব কি না—তা এখনই বলা যাচ্ছে না।’

সরকারের দুজন উপদেষ্টাকে পদত্যাগ করতে বলা হয়েছে—এমন খবরে বিএনপির অবস্থান জানতে চাইলে সালাহউদ্দিন বলেন, ‘ওই দুই উপদেষ্টার বিষয়ে আমরা সরাসরি কিছু বলিনি। তাঁরা যদি নির্বাচনে অংশ নিতে চান, তাহলে স্বাভাবিকভাবেই তাঁদের সরকার থেকে সরে আসা উচিত। তবে যদি তাঁরা নির্বাচনে না আসেন এবং কোনো রাজনৈতিক দলে যোগ না দেন, তাহলে তাঁদের নিরপেক্ষতা বজায় রাখা সম্ভব।’

বিএনপির এই নেতা আরও বলেন, ‘আমরা সরাসরি কাউকে পদত্যাগ করতে বলিনি। যাঁরা ছাত্র প্রতিনিধি হিসেবে আছেন, তাঁরা যদি কোনো রাজনৈতিক দলে যোগ না দেন বা নির্বাচনে অংশ না নেন, তাহলে সেটি তখন বিবেচনা করা যাবে।’

নির্বাচনে কোনো বিদ্রোহী প্রার্থী যদি দলের বিপক্ষে গিয়ে দাঁড়ান, তাঁর বিরুদ্ধে কী ব্যবস্থা নেবে বিএনপি—এমন প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন,‘ আশা করি কেউ দাঁড়াবে না। আমরা সমঝোতার ভিত্তিতে, আলাপ-আলোচনার মধ্য দিয়ে সিঙ্গেল (একক) প্রার্থী নির্ধারণ করতে পারব। তারপরও যদি কেউ দলের শৃঙ্খলা ভঙ্গ করে, তো শৃঙ্খলা ভঙ্গের জন্য যে ব্যবস্থা আমরা নিয়ে থাকি, সাংগঠনিকভাবে তা-ই হবে।’

সালাহউদ্দিন আহমদ জানান, বিএনপির মনোনয়নে সাবেক ছাত্রনেতা, সাবেক যুবনেতা, বর্তমান ছাত্রনেতা, বর্তমান যুবনেতা, একটা অংশ থাকবে তারুণ্যের প্রতিনিধিত্বকারী অংশ হিসেবে। সেটা তাঁরা আগেও করেছেন। এ ছাড়া নির্বাচনী এলাকায় যাঁর গ্রহণযোগ্যতা বেশি এবং জনগণের সঙ্গে সম্পর্ক যাঁর বেশি, নির্ধারিত এলাকায় যাঁর জনসমর্থন বেশি, পরিচিতি বেশি এবং মেধা জ্ঞানগরিমা আছে, সেসব বিবেচনায় নিয়ে প্রার্থী নির্বাচন করবে বিএনপি।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: স ল হউদ দ ন আহমদ ব এনপ র

এছাড়াও পড়ুন:

আওয়ামী লীগ ও শেখ হাসিনার রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে: সালাহউদ্দিন আহমদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, আওয়ামী লীগ ও শেখ হাসিনার রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায় আর দাফন দিল্লিতে। এখন দাফন-কাফন খুলে মাঝেমধ্যে একটু চিৎকার করে।

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, ‘আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। বাংলাদেশে যেন আর কখনো এ রকম স্বৈরাচার, সামরিক শাসক, ফ্যাসিবাদের উৎপত্তি না হয়।’

আজ শুক্রবার রাত আটটায় কক্সবাজারের চকরিয়া উপজেলার বদরখালী বাজারে মাতামুহুরী সাংগঠনিক থানা বিএনপি আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন সালাহউদ্দিন আহমদ।

বিএনপি, খালেদা জিয়া ও জিয়াউর রহমানের গণতন্ত্র রক্ষায় ভূমিকা তুলে ধরে সালাহউদ্দিন আহমদ বলেন, বিএনপি ক্ষমতায় থাকলে উন্নয়ন হয়। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের স্বাধীনতার ঘোষণা থেকে শুরু করে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন।

৭ নভেম্বরের ঘটনা, ১৯৭৯ সালে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তন এবং বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বে এরশাদবিরোধী আন্দোলনের সাফল্যের কথাও তুলে ধরেন। তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি চালু, সংসদীয় শাসনব্যবস্থা সুপ্রতিষ্ঠিত করা—এসব অর্জনও বিএনপির নেতৃত্বেই হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

শেখ হাসিনা ও আওয়ামী লীগকে গণতন্ত্র ধ্বংসের জন্য দায়ী উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, তাঁরা তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করেছেন, একদলীয় শাসন চাপিয়ে দিয়েছেন, শেষ পর্যন্ত গণ-অভ্যুত্থানের মুখে দেশ ছাড়তে বাধ্য হয়েছেন।

পথসভায় সভাপতিত্ব করেন মাতামুহুরী সাংগঠনিক থানা বিএনপির সভাপতি জামিল ইব্রাহিম চৌধুরী। বক্তব্য দেন সাবেক সংসদ সদস্য হাসিনা আহমদ, কক্সবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক শামীম আরা, দপ্তর সম্পাদক ইউসুফ বদরী, পেকুয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শাফায়েত আজিজ, থানা বিএনপির সাধারণ সম্পাদক হেফাজতুর রহমান, জেলা শ্রমিক দলের সভাপতি রফিকুল ইসলাম, জেলা ওলামা দলের সভাপতি আলী হাসান চৌধুরী প্রমুখ।

এর আগে সালাহউদ্দিন আহমদ কোনাখালী, পশ্চিম বড়ভেওলা, বরইতলী, সাহারবিল, ঢেমুশিয়া ও বদরখালী এলাকায় গণসংযোগ করেন। বেলা তিনটায় চকরিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি আনছারুল ইসলাম চৌধুরীর জানাজায়ও অংশ নেন তিনি।

সম্পর্কিত নিবন্ধ

  • ধর্মের নামে ট্যাবলেট বিক্রি করে জনগণের সঙ্গে প্রতারণার পরিকল্পনা চলছে: সালাহউদ্দিন আহমদ
  • বিএনপির মনোনীত নেতারা প্রচারে, পিছিয়ে নেই জামায়াত
  • শেখ হাসিনা দেশে বাকশাল কায়েম করেছিলেন: সালাহউদ্দিন আহমদ
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
  • আওয়ামী লীগ ও শেখ হাসিনার রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে: সালাহউদ্দিন আহমদ
  • স্বাধীন বাংলার অভ্যুদয়ের প্রত্যক্ষ বয়ান
  • এবার পাকিস্তানের প্রথম প্রতিরক্ষা বাহিনীর প্রধান হলেন ফিল্ড মার্শাল আসিম মুনির