গণভোটসহ ৫ দাবিতে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ চাইবে জামায়াতসহ ৮ দল
Published: 11th, November 2025 GMT
জাতীয় নির্বাচনের আগেই গণভোট আয়োজনসহ পাঁচ দফা দাবি আদায়ে ঢাকায় সমাবেশ করার পর প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন জামায়াতে ইসলামীসহ সমমনা আট দলের নেতারা। তাঁরা আগামীকাল বুধবার প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের সময় চাইবেন বলে জানা গেছে।
‘জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও উক্ত আদেশের ওপর গণভোট আয়োজন’সহ ৫ দফা দাবিতে আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর পল্টন মোড়ে সমাবেশ করে আট দল। সেখানে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেন, ‘আমাদের দাবি কম, কিন্তু খুব সুস্পষ্ট। জুলাই বিপ্লবকে স্বীকৃতি দিতে হবে।.
ওই সমাবেশ শেষে সন্ধ্যায় পুরানা পল্টনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠকে বসেন আট দলের শীর্ষ নেতারা। সেখানে দুটি সিদ্ধান্ত হয়। সেগুলো হলো—জুলাই সনদের আইনি স্বীকৃতি ও জাতীয় নির্বাচনের আগেই গণভোট নিয়ে দেশে চলমান আন্দোলনের ব্যাপারে সরকারের পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত না আসায় দাবির বিষয়ে আলোচনার জন্য বুধবার প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের সময় চাওয়া হবে। এই সাক্ষাতে আলোচনায় ফলপ্রসূ কোনো সিদ্ধান্ত না এলে বুধবার ৮ দলের শীর্ষ নেতারা কঠোর কর্মসূচির সিদ্ধান্ত নিতে বাধ্য হবেন।
বৈঠকে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই), মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, মহাসচিব জালালুদ্দিন আহমদ, খেলাফত মজলিসের আমির আবদুল বাসিত আজাদ ও যুগ্ম মহাসচিব জাহাঙ্গীর হোসেন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির আমির সারওয়ার কামাল আজিজী, মহাসচিব মুসা বিন ইযহার, বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির হাবিবুল্লাহ মিয়াজী, মহাসচিব ইউসুফ সাদিক হক্কানী, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান, সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির সভাপতি আনোয়ারুল ইসলাম চাঁন, সাধারণ সম্পাদক কাজী নিজামুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে দলের একাংশের বিক্ষোভ, সমাবেশ
পটুয়াখালী-২ (বাউফল) আসনে বিএনপি মনোনীত প্রার্থী পরিবর্তনের দাবিতে আবার বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপির একাংশের নেতা-কর্মীরা। আজ সোমবার বেলা ১১টার দিকে বাউফল পৌর শহরের হাসপাতাল সড়কসংলগ্ন উপজেলা বিএনপি কার্যালয় থেকে মিছিল বের হয়।
এতে উপজেলা বিএনপির আহ্বায়ক আবদুল জব্বার মৃধা ও বিএনপির সদস্যসচিব আপেল মাহমুদ ফিরোজের নেতৃত্বে উপজেলা, পৌরসভা, ১৫টি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের কমিটির নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। পরে উপজেলা সদরের বিভিন্ন সড়ক ঘুরে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে সমাবেশ করেন তাঁরা।
আবদুল জব্বার মৃধা বলেন, আসনটিতে বিএনপির মনোনীত প্রার্থী শহিদুল আলম তালুকদার ১৭ বছর ধরে কোনো আন্দোলন-সংগ্রামে ছিলেন না। তিনি দুর্দিনে কোনো নেতা-কর্মীর খোঁজখবর নেননি। শহিদুল আলম ২০০৮ সালে মামলাসংক্রান্ত জটিলতায় মনোনয়নবঞ্চিত হয়ে দলীয় প্রার্থীর বিপক্ষে অবস্থান নিয়েছিলেন। এমন ব্যক্তিকে তাঁরা কোনোভাবেই মেনে নেবেন না।
এর আগে গতকাল রোববার সন্ধ্যার দিকে এক জরুরি সভায় পটুয়াখালী-২ (বাউফল) আসনে দলীয় মনোনয়ন প্রত্যাখ্যানের সিদ্ধান্তের কথা জানায় বাউফল উপজেলা বিএনপি। সভা থেকে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহদপ্তর সম্পাদক মু. মুনির হোসেনকে দলীয় প্রার্থী করার দাবিও জানানো হয়। পরে নেতা-কর্মীরা মনোনয়ন বাতিলের দাবিতে বিক্ষোভ ও মশালমিছিল বের করেন। মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক ঘুরে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
আরও পড়ুনদলীয় মনোনয়ন প্রত্যাখ্যান বাউফল উপজেলা বিএনপির একাংশের, বিক্ষোভ মিছিল১৭ ঘণ্টা আগেগত বৃহস্পতিবার বিকেল পৌনে চারটায় রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও ৩৬টি আসনে প্রার্থী ঘোষণা করেন। এর মধ্যে পটুয়াখালী-২ (বাউফল) আসনের জন্য সাবেক সংসদ সদস্য শহিদুল আলম তালুকদারের নাম ঘোষণা করা হয়।